বান্দরবানরবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ তরুণ গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১৯, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের আলীকদমে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ১৯ মার্চ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় পুলিশ আসামীদের কাছ থেকে মোবাইলে ধারণ করা ধর্ষণের ভিডিওসহ একটি মোবাইল সেট জব্দ করে।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানিয়েছেন, গত ১৪ মার্চ বিকেলে মংচা পাড়ার কাছে একটি তামাক ক্ষেতে ধর্ষণের এ ঘটনা ঘটে।

তিনি জানান, মংচা পাড়ার এক কিশোরী নদীতে গোসল করে একা বাড়িতে ফেরার পথে ওই ৪ তরুণ তার পথ আগলে তাকে জোরপূর্বক তামাক ক্ষেতে আটকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে কিশোরীকে ভয় দেখিয়ে বলেছে, ঘটনা প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়া হবে। এদিকে ৫দিন ভয়ে ঘটনা প্রকাশ না করলেও বুধবার ভিকটিম আলীকদম থানায় এসে একটি অভিযোগপত্র দায়ের করে।

এরপর বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এর নির্দেশে আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন এর নেতৃত্বে পুলিশ একাধিক স্থানে কয়েকটি বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ ধর্ষককেই আটক করে।

আলীকদম থানা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা সংঘবদ্ধ হয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সূত্রটি।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, মো. করিম (১৯), মো. রাসেল (২১), আব্দুল মুবিন (২০) এবং মো. ইকবাল হোসেন (২৪)।