বান্দরবানমঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সওজ কলোনীতে আবারও অগ্নিকান্ড

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ২৫, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলা সদরের পুরোনো অফিস সড়ক অফিস সংলগ্ন সওজ কলোনীতে সোমবার ২৪ মার্চ রাতে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সওজ স্টাফদের ৮টি বাসা পুড়ে গেছে।

গত শুক্রবার ২১ মার্চ একই এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ৪টি বাসা পুড়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সরকারি আবাসিক এলাকায় বারবার আগুন লাগার ঘটনাকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। কেউ কেউ আশংকা করছেন, সরকারি ভূমি গ্রাস করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে।

সড়ক বিভাগ অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বান্দরবান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, অগ্নিকান্ডের কারণ সম্পর্কে তদন্তের আগে কিছু বলতে চাই না। প্রাথমিক তথ্যের পাশাপাশি আমরা কিছু সন্দেহভাজন নমুনা সংগ্রহ করেছি।

এদিকে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার এএসএম মাহমুদুল হাসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মানবিক সহায়তা দেয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ আড়াই হাজার টাকা, ১০ কেজি চাল, ১ কেজি করে চিনি ও পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ২ কেজি করে ডাল, আলু এবং ২ লিটার ভোজ্যতেল দেয়া হয়েছে।

 

তথ্যসূত্রঃ বশির আহমেদ