বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশী আহত হয়েছে।
বুধবার ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ বাবু নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো.মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন লেম্বুছড়ি বিওপির আমতলি সীমান্তের ওপারে মিয়ানমার অংশে যান মোহাম্মদ বাবু। এসময় সে আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়। এতে তার বাম পা এর হাটুর নিচের অংশ জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোরাই মাল আনতে সীমান্তে গিয়েছিল মোহাম্মদ বাবু।
এর আগে গত ২১ মার্চ নাইক্ষ্যংছড়ির তমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় মিয়ানমার থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশী ২ যুবক আহত হয়।
