বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ২৫ এপ্রিল সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের বটতলি ঝিরি বেড়ি বাঁধে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বেড়ি বাঁেধ গোসল করতে নেমে মোক্তা মনি (৯) ও জেসি আক্তার (১৩) পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টার এবং পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করে। মৃত মোক্তা মনি ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণী শিক্ষার্থী এবং জেসি আক্তার ঈদগড় বদর মোকাম মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। তারা দুইজন চাচাতো বোন।
কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বোরহান উদ্দিন জানান, মৃতদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। কিন্তু এই জোড়া মৃত্যুর ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোন অভিযোগ দায়ের করা হয়নি। আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
