বান্দরবানশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকেই ইতিহাস গড়লেন মুল্ডার, যেখানে পৌঁছাননি কেউই

প্রতিবেদক
সোহেল রশীদ
জুলাই ৭, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

এক রান। ছোট্ট একটি রান। তানাকা চিভাঙ্গার লেগ সাইডে ফুলটস ঠেলে নিলেন সেই রানটা। হেলমেট খুললেন, ব্যাট তুললেন—উদযাপনটাও ছিল সাদামাটা। তবে কীর্তিটা? সেটি একেবারেই অসাধারণ।

ভিয়ান মুল্ডার হয়ে গেলেন ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে করলেন ট্রিপল সেঞ্চুরি। ১৫০ বছরেরও বেশি পুরনো টেস্ট ক্রিকেটে যা আগে কখনও হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়োর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজের এই অনন্য মাইলফলকে পৌঁছান দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। প্রথম দিনই ২৬৪ রান করে ফেলেছিলেন। সেখান থেকে পরের দিন ২৯৭তম বলে পূর্ণ করেন তিনশো।

এটি টেস্ট ক্রিকেটে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি। এর চেয়ে কম বলে ট্রিপল করেছিলেন কেবলই ভিরেন্দর শেবাগ—২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২৭৮ বলে। তৃতীয় স্থানে আছেন হ্যারি ব্রুক, যিনি ৩১০ বলে করেছিলেন তিনশ।

অধিনায়ক হিসেবে অভিষেকেই এমন কীর্তি—যা ভেঙে দিয়েছেন ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে গ্রাহাম ডাউলিংয়ের করা ২৩৯ রানের রেকর্ডটিকেও।

এই ইনিংস মুল্ডারকে শুধু দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম অধিনায়ক হিসেবে ট্রিপল সেঞ্চুরির মালিকই বানায়নি, বরং জাতীয় দলের সর্বোচ্চ টেস্ট স্কোরার-এর আসনেও বসিয়েছে।

২০১২ সালে দা ওভালে হাশিম আমলার ৩১১ রানের ইনিংসটি এতদিন ছিল শীর্ষে। মুল্ডার সেই রেকর্ডও পেছনে ফেলেছেন। ৩১১ পূর্ণ করার পর ব্লেসিং মুজারাবানিকে চার মেরে পৌঁছেছেন নতুন উচ্চতায়।

মজার ব্যাপার হলো, এই নেতৃত্ব তার করারই কথা ছিল না। অধিনায়কত্ব পান হঠাৎ করেই। টেম্বা বাভুমার চোটে ছিটকে যাওয়ার পর প্রথম টেস্টে নেতৃত্ব পান কেশাভ মহারাজ। কিন্তু তিনিও ইনজুরিতে পড়লে দ্বিতীয় টেস্টে দায়িত্ব এসে পড়ে মুল্ডারের কাঁধে।

সেই আকস্মিক দায়িত্বটাই এখন ইতিহাসের অংশ।