সোমবার ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হলে ২০জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।
দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের উপর যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার ঘটনায় আহতের সংখ্যা ১৭১।
সোমবার দুপুর সোয়া ১টায় কুর্মিটোলা বিমান বন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম এটিকে জনবসতি নেই এমন জায়গায় নিয়ে যাওয়ার সবশেষ চেষ্টা চালিয়েছেন বলেই তিনি প্যারাসুট ব্যবহার করে আত্মরক্ষা করার চেষ্টা করেননি। এই দুর্ঘটনায় তারও মর্মান্তিক মৃত্যু ঘটে।
এদিকে এই ঘটনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ২২ জুলাই সারাদেশে শোক প্রকাশ করা হবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা রাখা হবে অর্ধনমিত।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত ৩২ বছরে বাংলাদেশে ৩২টি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তবে লোকালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের উপর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা এটাই প্রথম।
সূত্র জানায়, এফ-৭ বিজিআই নামের এই যুদ্ধ বিমান নির্মাণ বেশ কয়েক বছর আগেই বন্ধ করে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখনও যে দু’টি দেশ প্রায় বাতিল হয়ে যাওয়া এফ-৭ বিজিআই যুদ্ধ বিমান ব্যবহার করছে বাংলাদেশ তার একটি।
