বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে মাইন বিস্ফোরণে আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়ন।
সোমবার ২১ জুলাই সকালে সীমান্তের একটি উচ্চ বিদ্যালয় মাঠে আর্থিক সহায়তা প্রদান করেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, বিজিবি দেশের অখন্ডতা রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিজিবি সীমান্তে মাদক পাচার রোধেও সর্বদা তৎপর রয়েছে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। স্থানীয় জনগণের যেকোনো সমস্যা ও সংকট মোকাবেলায়ও বিজিবি পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ, দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করেন।

অনুষ্ঠানে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, পাড়ার হেডম্যান, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
