বান্দরবানের থানচি উপজেলা বাস স্ট্যান্ড বাজারে একটি এয়ার কমপ্রেসার বিস্ফোরণে আবদুল কাদের (১৫) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
শনিবার ২১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নুরুল আলম ড্রাইভারের দোকানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
নিহত আবদুল কাদের চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাগরিয়া গ্রামের বাসিন্দা। সে এই দোকানে কাজ করে।
থানচি থানার ওসি কানন সরকার জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। এর আগেই শিশু শ্রমিক আবদুল কাদেরকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মিরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে।
ফায়ার সার্ভিসের থানচি স্টেশন অফিসার জানান, কমপ্রেসার বিস্ফোরণের কারণ অনুসন্ধানের লক্ষ্যে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
