বান্দরবানমঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধ: এক অস্ত্রধারী নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজারে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ‘জেএসএস (মূল)’ এর এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে ‘জেএসএস (মূল)’ সশস্ত্র দলটি মুরং বাজারে অবৈধভাবে চাঁদা আদায় করছিল এমন খবরের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র দলটি পালাতে পালাতে সেনাবাহিনীর টহল দলের উপর অতর্কিত গুলি ছুড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। পরে সশস্ত্র দলটি একটি স্কুল ঘরে আশ্রয় নিলে সেনাবাহিনী স্কুলটি ঘিরে ফেলে। এক পর্যায়ে সশস্ত্র দলটি সেখান থেকে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ‘জেএসএস (মূল)’ ইউনিফর্ম পরা হ্লামং নু মারমাকে (২৬) উদ্ধার করে সেনাবাহিনী। পুলিশের সহায়তায় হ্লামং নু মারমাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (SMG), ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন, ২টি অস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, এই ‘জেএসএস (মূল)’ সশস্ত্র গ্রুপটি মুরং বাজার, কৈক্ষ্যং ঝিরিমুখ বাজার ও আশপাশের এলাকায় চাঁদাবাজি করে আসছিল।

এ ঘটনার পর থেকে ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলোতে উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।