স্থানীয়ভাবে সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত মং এ নু মারমা নামে এক পাহাড়ি যুবককে নগদ ১৪ লাখ টাকাসহ বান্দরবানের লামা ইয়াংছা সেনা চেকপোস্টে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সুত্র জানায়, বৃহষ্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে তাকে আটক করা হয়। এ সময় সে একটি প্রাইভেট কার নিয়ে চেকপোস্ট অতিক্রম করছিল। গাড়ি তল্লাশী চালিয়ে ১৪ লাখ টাকা পাওয়া যায়।
মং এ নু মারমা শান্তিচুক্তি বিরোধী ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (গণতান্ত্রিক)’ এর একজন ক্যাডার। সাম্প্রতিক সময়ে সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় তাকে বহিষ্কার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। স্থানীয়রা তাকে গালকাটা মং এ নু নামেই চিনেন ও জানেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক মং এ নু মারমাকে বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করা হবে।
