বান্দরবানসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ১, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের দায়ে পাঁচটি অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত।

​রবিবার ১ মার্চ স্পেশাল পরিবেশ আদালতের দায়িত্বপ্রাপ্ত বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন এই গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মাহবুব কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সুত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা অফিসের পক্ষ থেকে ৮টি অবৈধ ইটভাতার বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে রবিবার ৫টি ইটভাটার ৮জন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন বিজ্ঞ আদালত।

গ্রেপ্তারী পরোয়ানা জারী করা ইটভাটার মালিকরা হচ্ছেন: থানচি উপজেলায় অবস্থিত এমএসবি ইটভাটার মালিক আনিসুর রহমান সুজন, আলীকদম উপজেলায় অবস্থিত এবিএম ইটভাটার মালিক সামসুদ্দিন ও এখলাসুর রহমান, ইউবিএম ইটভাটার মালিক জামাল উদ্দিন, এফবিএম ইটভাটার মালিক শকত তালুকদার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত বিবিএম ইটভাটার মালিক মোহাম্মদ আবু সৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ।

পরিবেশ অধিদপ্তরের বান্দরবানের দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক রেজাউল করিম জানান, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় পরিবেশ আইন অমান্য করে এবং প্রশাসনের অনুমতি ছাড়াই বেআইনীভাবে ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। চলতি বছর ৪২টি ইটভাটা চালু করা হয়।

তিনি জানান, কয়েক দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু ইটভাটা মালিককে অর্থদন্ড এবং ইটভাটাগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। কিন্তু গায়ের জোরে সেগুলো আবারও চালু করা হয়।

তিনি জানান, লামা উপজেলার সরইসহ বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ হামলার স্বীকার হয়েছেন।

​পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটা থেকে প্রায় ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা সম্ভব হয়েছে।