বান্দরবান শহরের উজানী পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি ট্রাডিশনাল খাবারের রেস্টুরেন্ট ‘রিখ্যাইং’ Rekhyaing Restaurant সহ ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
পুলিশ জানায়, সোমবার ২ মার্চ ভোর রাত সাড়ে ৪টার দিকে এলাকাবাসী অগ্নিকান্ডের ঘটনা বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে জানায়।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবদুল মান্নান আনসারী বলেন, “খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”
মান্নান আনসারী জানান, অগ্নিকান্ডের সুত্রপাত কিভাবে হয়েছে বা এই অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি এখনো নিরূপিত হয়নি।
উজানী পাড়া এলাকার বাসিন্দা ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাওয়াই প্রু জানান, মুসলমানদের সেহরী খাওয়ার শেষ সময়ে ভোর সাড়ে ৪টার দিকে আমাদের বাড়ির পাশে রিখ্যাইং রেস্টুরেন্টের আশপাশে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। কাঠ-বাঁশের তৈরী বাড়িঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে এলাকায় ভীতির সঞ্চার হয়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ বাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপনের কাজ শুরু করে।
