বান্দরবানের লামা উপজেলার মেরেন্তা বাজার থেকে অস্ত্রসহ প্রেনপং ম্রো (২৫) নামের এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার ৩ মার্চ ভোরে স্থানীয় জনতা তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
লামা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, মঙ্গলবার বিকেলে সেনা সদস্যরা প্রেনপং ম্রোকে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হচ্ছে।
ওসি জানান, প্রেনপং ম্রো পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- গণতান্ত্রিক) এর সদস্য। তার বাড়ি উপজেলার সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ায়।
স্থানীয় সুত্রগুলো জানায়, অস্ত্রের ভয় দেখিয়ে সে লামা উপজেলার বিভিন্ন প্রান্তিক এলাকায় চাঁদাবাজি করে আসছিল।
