বান্দরবান থেকে ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনা কবলিত হয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (বিএইচডিসি) চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই।
রবিবার ৮ মার্চ সকাল ১০টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহা সড়কের চন্দনাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
চেয়ারম্যানের সরকারি গাড়ি চালক মোহাম্মদ মোরশেদ জানান, সড়কে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস জেলা পরিষদ চেয়্যারম্যানের সরকারি পাজেরো জীপটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের দিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কর্মকর্তা মোতালেব হোসেন জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যোগ দেয়ার জন্য রবিবার সকাল ৯টায় তিনি বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
তিনি বলেন, এই দুর্ঘটনায় চেয়ারম্যান থানজামা লুসাই এবং তার গানম্যান অক্ষত থাকলেও চেয়ারম্যানের স্ত্রী ও বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স এর সভানেত্রী লাল ছানি লুসাই আহত হয়েছেন।
আরেকটি গাড়ি নিয়ে তাদেরকে বান্দরবান ফিরিয়ে আনা হয়েছে।
হানিফ পরিবহনের বাসটিকে চন্দনাইশ থানার পুলিশ জব্দ করেছে।
