বান্দরবানসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় লজ্জাবতী বানর উদ্ধারঃ বনাঞ্চলে মুক্ত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ১, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলার বনাঞ্চল থেকে ধরে আনা বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে রবিবার বিকেলে আবার পাহাড়ি জঙ্গলে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

লামা বন বিভাগের সদর রেঞ্জ অফিসার কে এম কবির উদ্দিন দ্য টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেঞ্জ অফিসার কে এম কবির উদ্দিন বলেন, “লজ্জাবতী বানরটি সুস্থ অবস্থায় ছিল।”

তিনি বলেন, “আমরা আশা করছি, সে তার নিজ পরিবেশে স্বাধীন জীবন ফিরে পাবে।”

শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকা থেকে বানরটিকে ধরে নিয়ে আসেন রাসেল নামে একজন কাঠুরিয়া। খবর পেয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অফিসার কে এম কবির উদ্দিন এবং স্পেশাল টিমের রেঞ্জ অফিসার রনি পারভেজ অন্যান্য বন কর্মীদের নিয়ে গিয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নিয়ে আসেন।।

স্পেশাল টিমের রেঞ্জ অফিসার রনি পারভেজ বলেন, “বিপন্ন ও বিরল প্রজাতির বানরটিকে সুস্থ অবস্থায় রেখে বনে ছেড়ে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।”

তার ধারণা, মুক্ত হওয়া লজ্জাবতী বানরটির বয়স ১০ থেকে ১২ বছর হতে পারে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে রূপসীপাড়া ইউনিয়নের মুরুংঝিরি এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান রাসেল নামে একজন কাঠুরিয়া।

এক পর্যায়ে রাসেল লজ্জাবতী বানরটিকে দেখতে পান। তাকে ধরতে গেলে বানরটি রাসেলকে কামড়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বানরটিকে ধরে ফেলেন এবং সন্ধ্যায় বানরটি লোকালয়ে নিয়ে আসেন। এসময় স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে পারেন এবং বন বিভাগকে খবর দেন।