প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার ১৪ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে।
বাস মালিক সমিতি বলেছে, স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা বিধানের আশ্বাস দেয়ায় পরিবহন শ্রমিকরা থানচি সড়কে বাস চালাতে সম্মত হওয়ায় টানা ৬দিন পর বুধবার থেকে পুণরায় যাত্রীসেবা চালু হচ্ছে।
বাস মালিক সমিতি জানায়, বিপুল অংকের চাঁদা পরিশোধ করার আগে বাস না চালাতে নির্দেশ দেয় আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলো। তাদের হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
এদিকে মঙ্গলবার ১৩ অক্টোবর স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে বুধবার সকাল থেকে বাস চালাতে সম্মত হয় পরিবহন শ্রমিকরা।
বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, “নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটি ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে বাস চালাতে রাজী হয়েছি।”
তিনি জানান, মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতি ও পরিবহন কর্মচারীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে স্কর্ট ব্যবস্থা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
নুরুল আলম জানান, আগে বান্দরবান প্রান্ত থেকে ৩টি এবং থানচি প্রান্ত থেকে ৩টি বাস চলাচল করতো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্তউভয় প্রান্ত থেকে দু’টি করে মোট ৪টি বাস চলাচল করবে।
এদিকে বাস চালক জাহাঙ্গির আলম জানান, অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদের বাস চালাতে হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আরো অনেক বেড়ে যাচ্ছে।
















