বান্দরবানশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাগাতার বৃষ্টি: বন্দী জনজীবন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার থেকে টানা বৃষ্টিতে বান্দরবানের জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। শহরের লোকজন চলাফেরা করতে পারলেও পাহাড়ি এলাকায় বসবাসকারীরা বৃষ্টি বাধায় বন্দী জীবন কাটাচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বলেছে, গত ৭দিনে বিপুল পরিমাণ বৃষ্টি হলেও মাঝে মাঝে বিরতি দিয়ে বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা বা বন্যার কারণ ঘটেনি।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বান্দরবান জেলার সাঙ্গু অববাহিকায় ১০১ দশমিক ২ মিলিমিটার এবং মাতামুহুরী অববাহিকায় ৬৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সাঙ্গু নদীর বিপদসীমা ১৪ দশমিক ৮০ এমএসএল। অন্যদিকে মাতামুহুরী নদীর বিপদ সীমা হচ্ছে ১১ দশমিক ৮০ এমএসএল। কিন্তু বুধবার বেলা ৩টা পর্যন্ত সাঙ্গু নদীর বান্দরবান শহর পয়েন্টে ১০ দশমিক ৬৯ এমএসএল এবং মাতামুহুরী নদীর লামা পয়েন্টে ৯ দশমিক ২৭ এমএসএল পানি ছিল।

সাঙ্গু নদীর উজান এলাকা থানচিতে খোঁজ নিয়ে জানা গেছে, থেমে থেমে প্রবল বৃষ্টি হওয়ায় নদীপথে পানি নিষ্কাষিত হয়ে যাচ্ছে। ফলে কোন এলাকা প্লাবিত হচ্ছে না।

বান্দরবান শহরের অবস্থাও একই। তবে লামা শহর এলাকা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার কোন কোন নিচু এলাকা জলমগ্ন হয়ে আছে।

জেলা প্রশাসন ও পৌর প্রশাসকদের পক্ষ থেকে প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের আশংকার কথা উল্লেখ করে পাহাড়ের ঢাল এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বসবাসকারীদের নিরাপদ অবস্থান অথবা আশ্রয় কেন্দ্রে উঠে আসার জন্য মাইকিং করা হচ্ছে।

 

 

ছবিঃ বশির আহমেদ