মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরন উপলক্ষে বান্দরবানের মারমা জনগোষ্ঠী ৫ দিনব্যাপী সাংগ্রাইং উৎসব শুরু করেছে।
সোমবার ১৩ এপ্রিল সকালে বান্দরবান শহরের বোমাং রাজবাড়ি মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তরুণ তরুণীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ থুই প্রু, সাধারণ সম্পাদক থুইমং প্রু এবং রাজপুত্র চসিং প্রু বনি উপস্থিত ছিলেন।
বান্দরবান কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ আয়োজিত সাংগ্রাইং কর্মসূচির অংশ হিসেবে সোমবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, প্রবীণ পুজা ও বুদ্ধমূর্তী স্নান অনুষ্ঠিত হবে।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ থুই প্রু জানান, সাংগ্রাইং উৎসবের আকর্ষণীয় পর্ব ‘রি লং পোয়ে’ বা ‘মৈত্রী পানি বর্ষণ’ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ এপ্রিল।
