বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নদীতে ফুল ভাসিয়ে ফুল বিঝু উৎসব শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১২, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালনের মধ্য দিয়ে ৪দিনব্যাপী বর্ষবরণ উৎসব শুরু করেছে বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনজাতি।

রবিবার ১২ এপ্রিল সকালে বান্দরবান শহরে সাঙ্গু নদীর উজানী পাড়া ঘাটে চাকমা ও তঞ্চঙ্গ্যা জনজাতির শিশু-কিশোর ও যুবক যুবতিরা নদীর জলে কলাপাতায় সাজানো বহু রঙের ফুল ভাসিয়ে দিয়ে বিদায়ী বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগতম জানান।

চাকমা ও তঞ্চঙ্গ্যারা বিশ্বাস করে নদীর জলে গঙ্গা দেবী বসবাস করেন। সেই দেবীর উদ্দেশ্যে ফুল পূজা অর্পণের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় জানালে দেবী নতুন বছরকে মানুষের জন্য কল্যাণময় করে দেবেন।

গঙ্গাদেবীর পুজা শেষে ঘরে ঘরে চলে বিভিন্ন ধরণের সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী পাজন।

এদিকে বান্দরবানের মারমা জনজাতি সোমবার ১৩ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে পুরাতন বছরকে বিদায় জানানোর কর্মসুচি শুরু করতে যাচ্ছে।

উৎসব উদযাপন কমিটির আয়োজনে সোমবার সকালে রাজবাড়ি মাঠ থেকে একটি এবং উৎসব উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উজানী পাড়া বিসিক মোড় থেকে আরেকটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। ওইদিন বিকালে অনুষ্ঠিত হবে পবিত্র বুদ্ধমূর্তি স্নান।

মারমাদের সাংগ্রাইং উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে ১৫ এবং ১৬ এপ্রিল দুপুর থেকে।