বান্দরবানবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মার্চ ৩১, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনুমোদনের টানা ৯ বছর পর মঙ্গলবার ৩১ মার্চ জেলা সদরের মেঘলা এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু করা গেল বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ।

স্থান নির্বাচন এবং অন্যান্য পদ্ধতিগত জটিলতায় বান্দরবান সদর, লামা ও নাইক্ষংছড়ি উপজেলা মডেল মসজিদ ছাড়া অন্য ৪টি উপজেলায় এখনো মডেল মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।

বান্দরবান গণপুর্ত বিভাগ জানায়, ২০১৭ সালের ২৫ এপ্রিল ২০ কোটি টাকা ব্যয় সাপেক্ষ এই প্রকল্প অনুমোদিত হয়। নির্মাণ স্থান নিয়ে নানা জটিলতা ও মত পার্থক্য থাকায় এতদিন পর্যন্ত মসজিদ ভবনের নির্মাণ কাজ শুরু করা যায়নি।

সুত্র জানায়, ইতোমধ্যে ৩জন জেলা প্রশাসকের মেয়াদকাল পেরিয়ে এবং ১১ বার স্থান বদলের পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে ১ বছর আগে চূড়ান্ত হওয়া মেঘলা এলাকাতেই বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা গেল।

মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরুর সময় জেলা প্রশাসনের পক্ষে রেভেনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. ফয়জুর রহমান, গণপুর্ত বিভাগের পক্ষে সহকারি প্রকৌশলী সুমিত রায় এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে উপ-পরিচালক সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, পার্বত্য নাগরিক পরিষদের কাজী মজিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বান্দরবান জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম উদ্দিন জানান, ৪৩ শতক জমির উপর নির্মিত ৪ তলা বিশিষ্ট এই মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়াত কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, পর্যটকদের আবাসন, হজযাত্রীদের নিবন্ধন এবং নারীদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা থাকবে।