বান্দরবান সদর উপজেলার টংকাবতীর একটি রাবার বাগান থেকে ৬ জন শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
বুধবার ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে টংকাবতি ইউপির হাতিরডেরা এলাকার ইসমাইলের রাবার বাগানে অপহরণের এই ঘটনা ঘটে।
টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাং ইয়াং ম্রো বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
রাবার বাগানের মালিক ইসমাইল জানান, প্রতিদিনের মতো রাতে শ্রমিকরা কাজ শেষে বাগান ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ অস্ত্র উচিয়ে সন্ত্রাসীরা নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮) নামের ৬ বাগান শ্রমিককে চোখ বেঁধে অজ্ঞানস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। পরে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে সন্ত্রাসীরা।
মুক্তিপণ না দিলে অপহৃত ৬ শ্রমিক ও বাগান মালিককে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা বলে জানান রাবার বাগানের মালিক ইসমাইল।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পেয়ে টংকাবতী পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
