বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আবদুল ওয়াদুদ সায়েম (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুর ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিউনের মিনঝিরি সাদা পাথর নামক পর্যটন স্পটের নদীতে এ ঘটনা ঘটে।
লামা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর লামা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ৬ বন্ধুসহ আবদুল ওয়াদুদ সায়েম মিনঝিরি এলাকার হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠে। দুপুরে পাশের সাদা পাথর এলাকার মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে নিখোঁজের এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিখোঁজ পর্যটকের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায়।
সবশেষ খবর অনুযায়ী, এখনো নিখোঁজ পর্যটক আবদুল ওয়াদুদ সায়েমের কোন সন্ধান পাওয়া যায়নি।
