বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই ৩ পার্বত্য জেলার ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যালয়গুলোর ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ই-লার্নিং কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে ৩ পার্বত্য জেলার ৩টি প্রাথমিক ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়।
বিদ্যালয়গুলো হচ্ছে, রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই আল-আমিন নূরীয়া দাখিল মাদ্রাসা, ফারুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ির কমলছড়ি পাইলট হাই স্কুল, হাজাছড়ি জুনিয়র হাইস্কুল, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, পুজগাং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবানের বালাঘাটা আইডিয়াল স্কুল, হাজী ফিরোজা বেগম ওয়ামি একাডেমি, তিন্দু জুনিয়র হাই স্কুল এবং বগামুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
