বান্দরবানশুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে ৩ শ্রমিক অপহৃত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ২২, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রাবার বাগান থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৩ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
বুধবার ২২ এপ্রিল রাত দেড়টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ‘আবীর রাবার বাগান’ থেকে অপহরণ করে নিয়ে যায়।
আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির প্রাক্তন সভাপতি আবদুল করিম বান্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে বাগানের টেপার (রাবার কষ সংগ্রহকারী) নুরুল ইসলামের মাধ্যমে অপহরণের খবর জানতে পারি। বিষয়টি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
তিনি জানান, সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে বাগানের স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়ে। এ সময় বাগানে নারী ও শিশুসহ ১৩জন অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা তাদের মধ্য থেকে ওই ৩ যুবককে অজ্ঞাতস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। এসময় ৫টি মোবাইল সেট, ২টি দা ও ৩টি টর্চলাইট নিয়ে যায়।
অপহৃতরা হচ্ছেন: এনামুল হক (২০), নুরুল ইসলাম (২০) এবং হাসান (২০)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকায়।
নাইক্ষংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। কারা এবং কি উদ্দেশ্যে তাদের অপহরণ করে নিয়ে গেছে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।