বান্দরবানরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইক চালক হত্যাকান্ডের আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গা (৪৬) হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজন্ত তঞ্চঙ্গা (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

গত ১৪ সেপ্টেম্বর রাতে রোয়াংছড়ি উপজেলার নাথিংঝিরি পূর্নবাসন পাড়ার বাঁশঝাড়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়। হত্যার পর ইজিবাইক চালকের মরদেহ তারাছাখালে ভাসিয়ে দেয়া হয়। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার কালাঘাটা কাশেম পাড়া সংলগ্ন সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাকান্ড সংঘটিত হবার ৭ দিনের মাথায় শনিবার ২০ সেপ্টেম্বর পুলিশ রাজন্ত তঞ্চঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ হত্যাকান্ডের রহস্য উন্মোচনের লক্ষ্যে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারের তত্ত্বাবধানে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ শুরু করে। এক পর্যায়ে গোপন সূত্রে নিশ্চিত হয়ে শনিবার ২০ সেপ্টেম্বর ভোরে একই এলাকার সন্দেহভাজন রাজন্ত তঞ্চঙ্গাকে আটক করলে সে পুলিশের কাছে ওই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

আবদুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন্ত জানায় যে, মুনাফার ভিত্তিতে সে অমন্ত সেন তঞ্চঙ্গাকে ৩৫ হাজার টাকা ধার দেয়। এই টাকা নিয়ে কথা কাটাকাটি থেকে ঘটনা হত্যাকান্ড পর্যায়ে গড়ায়। রাজন্ত তঞ্চঙ্গার স্বীকারোক্তির পর এই হত্যাকান্ডে তাকে গ্রেপ্তার দেখিয়ে একটি মামলা রুজু করা হয়েছে।

বান্দরবান সদর থানা সূত্র জানায়, আসামীকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।