বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির ৩ সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানার কাছে হস্তান্তর করে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবির সদস্যরা মিয়ানমারের ৩ জনকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ‘আরাকান আর্মি’ এর সদস্য বলে পরিচয় দেয়। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা পাওয়া যায়।
তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তবে আটককৃতদের নাম ও পরিচয় সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
বিজিবির সূত্র জানায়, সীমান্তে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
