বান্দরবানের আলীকদমে হাম রোগে ২ শিশুর মৃত্যু এবং ৬ শিশু হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১১ এপ্রিল কুরুকপাতা ইউনিয়নের রিংলত পাড়ার বাসিন্দা লেং ক্লাং ম্রোর ৩ মাসের মেয়ে জং রুং ম্রো এবং একই পাড়ার লুকুন ম্রোর ৭ মাসের ছেলে খতং ম্রো হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বৃহস্পতিবার সকালে আরো ৬ শিশু হাম রোগের লক্ষণ নিয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মেডিকেল অফিসার ডা. মো. হাসান জানান, হাম রোগের লক্ষণ দেখা শিশুদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত হামের টিকা মজুত রয়েছে।
কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, কুরুকপাতার বিভিন্ন পাড়া দুর্গম এলাকায় হওয়ায় সেখানে ঠিকমতো যোগাযোগ ও চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সাথে যোগাযোগ করে দুর্গম পাড়ায় ৪ জনের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
