খাগড়াছড়ি থেকে:
খাগড়াছড়ি জেলার ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে শুক্রবার ৩০ অক্টোবর থেকে তিনদিনব্যাপী ১২১তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়েছে।
খাগড়াছড়ির ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার “য়ংড বৌদ্ধ বিহারে” কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার ভোর থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।
সকালে বৌদ্ধ ধর্মগুরু স্থবির মহাস্থবির ভান্তে, ভিক্ষুরা কঠিন চীবর দান অনুষ্ঠানে আগমন করেন। পরে তিনমাস বর্ষাবাস শেষে দায়ক দায়িকারা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সমবেত হন। এরপর পঞ্চশীল পালন করা হয়। আগামী দিনগুলোর শান্তি কল্যাণ কামনা করে বৌদ্ধ ভিক্ষুগণ একে একে ধর্মীয় দেশনা দান করেন। এ-উপলক্ষ্যে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে চলে ফুল পুজা বুদ্ধ পুজা, বুদ্ধ মুর্তিদান, সংঘ দান, কল্পতরুদান, অষ্ট উপকরন দান, চীবর উৎসর্গ,ভিক্ষুদের চীবর দান, পিন্ড দান, সমবেত প্রার্থনা ও স্বধর্ম শ্রবণ ।
বৌদ্ধ ধর্মালম্বী নারী- পুরুষ যুবক, যুবতী,শিশু কিশোর-কিশোরীরা এই কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা পর্বে ভিক্ষুদের কঠিন চীবর দান করা হয়। অনুষ্ঠিত হয় ধর্মীয় দেশনা।
ধর্মীয় দেশনায় দেশ জাতি ও সকল মানুষের কল্যাণ, মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।
এছাড়া বিকেলে সকলের হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ পূজা ও বিশাল আকাশে শান্তির আশায় ফানুস উড়ানো হবে। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।










































