বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত ২৪টি বিভাগের তদারকির দায়িত্ব বন্টন করা হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর এক অফিস আদেশের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত আহবায়কদের তালিকা প্রকাশ করা হয়।
দায়িত্বশীল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নতুন জেলা পরিষদ দায়িত্ব গ্রহণের পর সদস্যদের মধ্যে বিভাগ বন্টন করে গত ১ সেপ্টেম্বর একটি অফিস আদেশ জারী হয়েছিল। এ নিয়ে সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে দায়িত্ব বন্টন করা হয়েছে।
১৭ অক্টোবর জারী করা অফিস আদেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দায়িত্ব রাখা হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং এর অধীনে। অন্য ২২টি বিভাগের আহবায়কদের দায়িত্ব দেয়া হয়েছে ১৪ জন সদস্যকে। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পেয়েছেন লুসাই মং, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির দায়িত্ব পেয়েছেন আবদুল মাবুদ, মশিউর রহমান দায়িত্ব পেয়েছেন মৎস্য বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগে, মোহাম্মদ জসিম উদ্দীন দায়িত্ব পেয়েছেন সমাজসেবা অধিদপ্তর ও সরকারি শিশু পরিবার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বিভাগে দায়িত্ব পেয়েছেন চ নু মং, বাজার ফান্ড সংস্থার দায়িত্ব পেয়েছেন মাওসেতুং তংচংগ্যা।
অফিস আদেশে আরো বলা হয়, মং ক্যনু মারমা দায়িত্ব পালন করবেন প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃত্রিম প্রজনন অধিদপ্তর, উম্যাসিং মারমা দায়িত্ব পেয়েছেন শিল্পকলা একাডেমী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট বিভাগে। ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন কাজী নিরুতাজ বেগম, সরকারি গণগ্রন্থাগার ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন আগস্টিন ত্রিপুরা। রিয়াল দাও বম পেয়েছেন হর্টিকালচার সেন্টার, অংজাই উই চাক পেয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর, ক্যউ প্রু খিয়াং পেয়েছেন সমবায় বিভাগ এবং দনওয়াই ম্রো দায়িত্ব পেয়েছেন তুলা উন্নয়ন বিভাগ ও স্থানীয় পর্যটন বিভাগে।














