স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলা সদরের একটি পাহাড়ি ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ৮ নভেম্বর সকালে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ কসাই পাড়া সংলগ্ন মানুর ঝিরি থেকে ওই মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা তাকে মো. শরিফ (৩৮) হিসেবে শনাক্ত করেছে।
নিহত মো. শরিফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি শহরের মেঘলা এলাকার ভাণ্ডারী পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মো. জহির উদ্দিন। শরিফ পেশায় একজন রাজমিস্ত্রি। এই মরদেহ উদ্ধার নিয়ে জনমনে বেশ কৌতূহল দেখা দিয়েছে।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে।
ওসি জানান, উদ্ধারের পর শরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।






