স্টাফ রিপোর্টার:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড বুলেট এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় উপ্রু (৪৫) নামে এক মারমা গৃহবধুকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ৬ অক্টোবর সকালে বান্দরবান জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা এতে সাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপণ সুত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার একটি বিশেষ টিম বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টায় সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা পাড়ায় এই অভিযান চালায়।
অভিযান চলাকালে বুবু মারমার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড বুলেট, ১টি ম্যাগাজিন এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুবু মারমার স্ত্রী উপ্রু মারমা (২৫)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দু’টি মামলা রুজু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।






