প্রশাসনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বৃহষ্পতিবার ১৫ অক্টোবর থেকে আবারো সাজেকে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
বুধবার ১৪ অক্টোবর সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।
দুই সংগঠনের নেতৃদ্বয় বলেন, সাজেকের মাচলঙ এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়ার দাবিতে তারা গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করে।
ওই দিন প্রশাসন ৪৮ ঘন্টা সময়ের মধ্যে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল।
বিবৃতিতে বলা হয়, এমন অবস্থায় আমরা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত করেছিলাম। মঙ্গলবার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি।
পিসিজেএসএস-এর সশস্ত্র সদস্যরা এখনো আগের অবস্থানগুলোতে রয়ে গেছে উল্লেখ করে বিবৃটিতে বলা হয়, এমতাবস্থায় এলাকার জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে এবং জেএসএস-এর সশস্ত্র সদস্যদের সন্ত্রাস ও উৎপাত বন্ধ করার জন্য তাদেরকে উক্ত এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার ১৫ অক্টোবর থেকে সাজেকে আবারো সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বিবৃতিতে জানানো হয়, অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও সরকারী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যানবাহন, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।
















