স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলি পাড়ায় সোমবার ৯ নভেম্বর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি বসত বাড়ি ও দুটি দোকান পুড়ে গেছে।
তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ নু মং জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি জানান, স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে চেয়ারম্যান জানান, জানা যায়, নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তির রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়।
প্রতিবেশিরা জানায়, চুলায় তরকারি বসিয়ে তিনি পাশের অন্য একটি বাড়িতে টেলিভিশন দেখতে যান। এ সময় চুলার লাকড়ি পড়ে বেড়ায় আগুন লেগেছে বলে তারা ধারণা করছেন।
চেয়ারম্যান উ নু মং জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া উদ্যোগ নেয়া হয়েছে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার এ্যানি বড়ুয়া জানান, রাত সোয়া ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বড়ইতলি পাড়ায় আগুন লাগার খবর আসে। বিষয়টি বান্দরবান ফায়ার স্টেশনকে জানানো হলেও সেখানে যাওয়ার কোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় তারাও সেখানে যেতে পারেনি।






