সিএইচটিপোস্ট রিপোর্ট।
পার্বত্য জেলা পরিষদগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে এই বিশেষায়িত স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরো কার্যকর করার লক্ষ্যে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণ এক সাথে কাজ করার অঙ্গিকার করেছেন।
বুধবার ৭ অক্টোবর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে তিন পার্বত্য জেলা পরিষদের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে চেয়ারম্যানগণ আনুষ্ঠানিকভাবে তাদের অঙ্গিকারের কথা জানান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং এর আমন্ত্রণে অনুষ্ঠিত এই বৈঠকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রা সা থোয়াই মারমা উপস্থিত ছিলেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সুত্র জানায়, খুব কম সময়ের নোটিশে অনুষ্ঠিত এই বৈঠকে তিন পার্বত্য জেলার সামগ্রিক উন্নয়ন, পাহাড়ি জনপদের মানুষের জীবনমানের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, পর্যটন এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সুত্র জানায়, পাহাড়ের কৃষি ও স্থানীয় উৎপাদনকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। আমরা এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করছি।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং বলেন, পাহাড়ের ভৌগোলিক বৈচিত্র্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের আরও বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেয়াকে সবচেয়ে গুরুত্ব দিতে চাই।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রা সা থোয়াই মারমা বলেন, আমাদের কাক্ষিত লক্ষ্য সমুহ অর্জনের জন্য তিন পার্বত্য জেলা পরিষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে চাই আমরা।









