কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশে জ্বালানি সরবরাহে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বিশেষ করে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে ঢাকাকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহায়তার প্রস্তাব দিয়েছে দেশটি। বাংলাদেশও এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাতকালে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়ে বিশদ আলোচনা হয়। কানাডীয় প্রতিনিধিদল উল্লেখ করে, শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কানাডা তেল ও এলএনজি সরবরাহের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় ও বিশ্বস্ত অংশীদার হতে পারে।
এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান, জলবায়ু অর্থায়ন, কারিগরি শিক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পায়। দুই দেশের উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।















