Bandarban ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জন নিয়োগের প্রজ্ঞাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১ বার

৪৯তম (বিশেষ) বিসিএসে (শিক্ষা ক্যাডার) প্রাথমিক গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিয়ে সম্পূরক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত বুধবার ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রাথমিকভাবে ৬৬৮ জন প্রার্থীকে সুপারিশ করলেও প্রথম প্রজ্ঞাপনে ৬১১ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। ফলে চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েন মোট ৫৭ জন প্রার্থী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাদ পড়া ৫৭ জনের মধ্যে তিনজন চূড়ান্ত পর্যায়ে প্রয়োজনীয় মূল বা সাময়িক সনদ জমা দিতে ব্যর্থ হন এবং আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি। বাকি ৪৬ জন প্রার্থী সব ধাপ সফলভাবে সম্পন্ন করলেও গোয়েন্দা সংস্থার (পুলিশ ভেরিফিকেশন) নেতিবাচক প্রতিবেদনের কারণে প্রথম প্রজ্ঞাপনে তাদের নাম স্থগিত রাখা হয়েছিল।

নিয়োগবঞ্চিত প্রার্থীদের অভিযোগ ছিল, যথাযথ প্রক্রিয়া মেনে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও রাজনৈতিক বা অযৌক্তিক গোয়েন্দা প্রতিবেদনের কারণে তাঁদের নাম বাদ দেওয়া হয় এবং কেন বা কার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়েও কোনো স্পষ্ট ব্যাখ্যা তাঁদের দেওয়া হয়নি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, পিএসসির সুপারিশ করা প্রকৃত যোগ্য প্রার্থীর সংখ্যা ছিল ৬৫৭ (সনদ ও স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়া ১১ জন বাদে)। প্রথম ধাপে ৬১১ জনকে নিয়োগ দেওয়ার পর স্থগিত থাকা ৪৬ জনের ফাইল পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে।

সেই যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সোমবার স্থগিত থাকা ৪৬ জনের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪০ জনকে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি প্রার্থীদের বিষয়ে দাপ্তরিক কোনো নির্দেশনা এখনো জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information