দায়িত্ব গ্রহনের দ্বিতীয় দিনে বান্দরবানের নবাগত জেলা প্রশাসক নাজনীন সুলতানা জেলার সামগ্রিক উন্নয়নে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি বান্দরবান জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
নাজনীন সুলতানা বলেন, “সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার চিত্র তুলে ধরে এর আশু প্রতিকারে ভূমিকা রাখেন।
তিনি বলেন, জেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, সিনিয়র সাংবাদিক মিনারুল হক, মো. ইসহাক, আবুল বাশার নয়ন, রিজভী রাহাতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
বান্দরবানের ২৪তম জেলা প্রশাসক হিসেবে সোমবার ১২ অক্টোবর নাজনীন সুলতানা দায়িত্ব গ্রহন করেন।















































